উত্তর ২৪ পরগনা : বাংলায় বড় ধাক্কা খেল বিজেপি। নানা ইস্যুকে সামনে এনে বারবার তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলার চেষ্টা করেছে গেরুয়া শিবির। সেখানে অর্জুন সিংয়ের গড়েই বিজেপিতে ভাঙন দেখা দিল।
অর্জুন সিংয়ের খাসতালুক ব্যারাকপুর। আর ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিজেপির নেতা–কর্মীরা গেরুয়া সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আর নিজের গড়ে বিজেপিতে এমন ভাঙনে বেশ চাপে পড়ে গিয়েছেন বাহুবলী নেতা।
বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে কর্মীরা দল ছেড়ে দিলে বড় প্রভাব পড়বে সংগঠনে। এবার বীজপুরের বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন শতাধিক বিজেপি কর্মী। যদিও দলত্যাগীরা বিজেপির কর্মী নয় বলেই দাবি নেতাদের।
অর্জুন সিং নিজে হেরেছেন লোকসভা নির্বাচনে। সেখানে জিতে সাংসদ হয়েছেন পার্থ ভৌমিক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই সংগঠন দুর্বল হয়ে পড়ে বিজেপির। সেটা এবার আরও তলানিতে চলে গেল।
বীজপুর বিধানসভার অন্তর্গত মঙ্গলদীপ ভবনে বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন শতাধিক বিজেপি কর্মী–সর্মথক। সেখানে উপস্থিত ছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর সরকার এবং অন্যান্য নেতারা।
