রবীন্দ্র জয়ন্তী থেকেই বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি! নবান্ন থেকে আর্জি মমতার

কলকাতা-রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া হয়েছে। তবে রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে যদি বেসরকারি স্কুলগুলি গরমের ছুটি দেয় তাহলে সেটা ভাল হয়।’

রাজ্যের নিরাপত্তার দিক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘বর্তমানে সমস্ত জরুরি বিভাগের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। বাংলা বরাবরই দেশকে ভালবাসে। তাই ভয় না পেয়ে মাথা ঠান্ডা রাখবেন। যদি কোথাও মক ড্রিলের সাইরেনের শব্দ শুনতে পান তাহলে অস্থির হবে না। কোনও রকমের প্ররোচনামূলক খবর বা তথ্য যদি প্রকাশ করা হয় তাহলে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রের সঙ্গে ইতিমধ্যে এবিষয়ে কথা হয়েছে। সেইমতো কাজ করবে রাজ্য সরকার।’

বুধবারই অপারেশন সিঁদুর এর পর সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব ও ডিজিপিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগেই শাহ ছুটিতে থাকা আধাসামরিক বাহিনীর প্রধানদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বুধবার দুপুরে শাহ ভার্চুয়ালি বৈঠক করেন সীমান্ত লাগোয়া রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে। ভার্চুয়ালি বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *