নয়াদিল্লি: পাক সেনার হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। হুগলির রিষড়াতে সাউ পরিবারের উদ্বেগ। এবার পূর্ণমের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। খোঁজ নিলেন অন্তঃসত্ত্বা রজনীর শরীরের। মমতা আশ্বাস দেন, এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।
পহেলগাঁও হামলার পরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পূর্ণম সাউ। জানা যায়, ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি তিনি। এর পর পেরিয়েছে দু সপ্তাহেরও বেশি সময়। শুরুতে তাঁর ফেরার আশায় ছিলেন পূর্ণমের অন্তঃসত্ত্বা স্ত্রী-সহ পরিবারের সবাই। কিন্তু ভারত-পাক যুদ্ধের আবহ তৈরি হতেই হতাশা গ্রাস করেছিল তাঁদের। পূর্ণম আর কোনওদিন কি পাক সেনার হাত থেকে রেহাই পাবেন? সেই প্রশ্ন উদ্বেল করে তুলেছিল গোটা পরিবারকে।
রবিবার পূর্ণম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন, মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনিই আশ্বাস দিয়েছেন, একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পূর্ণম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার।
রজনী সাউ দাবি করেছিলেন, “১০ মিনিটের জন্য কথা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কল্যাণদাকে জানিয়েছি।” জওয়ানের বাবা বলেন, “দিদি বিষয়টি দেখুক। আমরা দেখা করতে চাই। ১০ মিনিটের বেশি সময় নেব না।” এই খবর পাওয়ার পরই সাউ বাড়িতে ফোন করেন মুখ্যমন্ত্রী।
