কলকাতা – দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে এসে শাস্তি পেলেন পুরীর জগন্নাথ ধামের সেবায়েত দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাএ। এই সেবায়েতকে ৩০ দিনের জন্য সাসপেন্ড করল এসজেটিএ।
এসজেটিএর প্রধান প্রশাসক অরবিন্দ পাধীর এক সরকারি বিবৃতিতে জানিয়েছেন, ‘আগামী একমাসের জন্য পুরীর জগন্নাথ ধামের আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন না পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। এই নিয়ম যতদিন চলছে ততদিন তিনি কাউকে হুমকি কিংবা প্রভাবিত করতে পারবেন না। যদি তিনি তা করেন, তাহলে বরখাস্তের সময় আরও বাড়ানো হবে।’
অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয় দিঘার জগন্নাথ মন্দির। সেই উদ্বোধনে উপস্থিত ছিলেন দ্বৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র। উদ্বোধনের পর তিনি ওডিশায় ফিরতেই তাঁকে জিজ্ঞেস করা হয়েছিল, ২০১৫ সালে নবকলেবর উৎসবের সময় সংগৃহীত কাঠ কেন দিয়েছেন দিঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহ তৈরি করার জন্য?
জবাবে তিনি বলেছিলেন, তিনি এমন কাজ করেননি। ওডিশা সরকার তদন্তের মাধ্যমে জানতে পারে, দ্বৈতাপতি মিথ্যে কথা বলছেন। দিঘার মন্দিরের মূর্তিগুলি তৈরি করেছেন ভুবনেশ্বরের একজন শিল্পী। তাঁকে জিজ্ঞেস করা হয়, তিনি পুরীর মন্দিরের সেবায়েত হওয়া সত্ত্বেও কেন দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে হাজির ছিলেন?
পুরী মন্দিরের প্রধান প্রশাসক পাধী জানান, মন্দিরের সব সেবায়েতদের একটা বার্তাই দিতে চাই, পুরীর জগন্নাথ মন্দিরের আচার, অনুষ্ঠান, মর্যাদা এবং নিয়মাবলী আগামীতে যেন মেনে চলেন।’
