অডিও-কাণ্ডের ৭ দিন পর হাজিরা অনুব্রতর! পুলিশের ডাকে সাড়া দিতেই হল বীরভূমের দাপুটে নেতাকে

কলকাতা- বীরভূমের আইসিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ। তার পর পুলিশের তলব অনুব্রত মণ্ডলকে। বারবার তলব অগ্রাহ্যের পর অবশেষে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বোলপুরে এসডিপিও অফিসে হাজিরা দিয়েছেন তিনি। আইসিকে কদর্য আক্রমণের পর অবশেষে হাজিরা দিলেন অনুব্রত।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অকথ্য গালিগালাজের অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সেই ঘটনার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এই নিয়ে অনুব্রতর বিরুদ্ধে এফআইআর দায়ের করে পুলিশ। তাঁকে নোটিশ পাঠিয়ে শনিবার বেলা ১২টার মধ্যে এসডিপিওর অফিসে তলব করা হয়। কিন্তু সেদিন হাজিরা দেননি অনুব্রত। পাঠান তাঁর ৫ আইনজীবীকে। যদিও আইনজীবীদের দাবি, তাঁরা এসেছিলেন অন্য বিষয়ে কথা বলতে। এটি সৌজন্য সাক্ষাৎ।

এদিকে, অনুব্রত মণ্ডলের অশ্রাব্য ভাষায় গালিগালাজের অডিও ভাইরাল হতেই কেষ্টর বিরুদ্ধে কড়া অবস্থান নেয় তৃণমূল ৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়। ক্ষমা না চাইলে শোকজও করা হতে পারে। দলের তরফে নির্দেশ পাওয়া মাত্রই সময় নষ্ট করেননি তিনি। সঙ্গে সঙ্গে চিঠি লিখে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন কেষ্ট। গত শনিবার হাজিরা না দেওয়ার কারণ হিসেবে তাঁর আইনজীবীরা শারীরিক অসুস্থতা এবং আরও কয়েকটি কারণ তুলে ধরে জানান, অনুব্রতর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। নির্ধারিত সময়ে অনুব্রত হাজির না হতেই ফের তাঁকে নোটিশ পাঠায় পুলিশ।

এর পর দ্বিতীয় নোটিশে সাফ বলা হয়, পরদিন অর্থাৎ রবিবার বেলা ১১টার মধ্যে সশরীরে বোলপুর এসডিপিও অফিসে হাজিরা দিতে হবে অনুব্রতকে। তবে রবিবারও তিনি হাজিরা দেননি। তাঁর পরিবর্তে এসডিপিও অফিসে আসেন কেষ্ট-ঘনিষ্ঠ তৃণমূল নেতা হিসেবে পরিচিত দেবব্রত ওরফে গগন সরকার এবং অনুব্রতর আইনজীবী বিপদতারণ ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *