শঙ্কর মালাকারকে রাজ্য কমিটির সহ সভাপতি করল তৃণমূল, জেলা সভাপতি হওয়ার আশায় জল!

কলকাতা – জেলা সভাপতি হওয়ার জল্পনা আপাতত খারিজ। সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া শংকর মালাকারকে দলের রাজ্য কমিটির সহ সভাপতি করল তৃণমূল কংগ্রেস। ফলে শংকর মালাকার তৃণমূলের দার্জিলিং জেলা সভাপতি হতে পারেন বলে যে জল্পনা ছড়িয়েছিল তা আপাতত আর থাকল না।

দার্জিলিং জেলা থেকে এর আগে অলোক চক্রবর্তীকে রাজ্য কমিটিতে সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। এবার সহ সভাপতি হয়ে রাজ্য কমিটিতে শংকর মালাকার জায়গা পাওয়ায় জেলায় সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছে দল।

রাজনৈতিক মহলের মত, তৃণমূলে রাজ্য কমিটির সহ সভাপতি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। বরং সেদিক দিয়ে জেলা সভাপতির গুরুত্ব অনেক বেশি। সেক্ষেত্রে শংকর মালাকার কংগ্রেস ছেড়ে এসে বাস্তবে কতটা লাভবান হলেন সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

কংগ্রেসের দার্জিলিং জেলা সমতলের সভাপতি ছিলেন শংকরবাবু, এছাড়াও এআইসিসির সদস্যও ছিলেন। ২ বারের বিধায়ক শংকর মালাকার জেলার রাজনীতিতে দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত। তৃণমূল এহেন শংকর মালাকারকে দলে নেওয়ায় অনেকেই ভেবেছিলেন বড় কোনও পদে শংকর মালাকারকে বসানো হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *