কলকাতা – মহেন্দ্র সিং ধোনিকে সম্মানিত করল আইসিসি। আর মাত্র একদিন পরে ইংল্যান্ডে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আগে সোমবার ‘এ ডে উইথ দ্য লেজেন্ডস’ নামে এক অনুষ্ঠানের আয়োজন করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
সেখানেই ধোনিকে এই সম্মান দেওয়া হয়। ধোনি ছাড়াও আরও ছয় জনের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, হাসিম আমলা, ড্যানিয়েল ভিত্তোরি, সানা মীর ও সারা টেলর।
এর আগে আইসিসির হল অফ ফেমে ১০ জন ভারতীয় ক্রিকেটার ছিলেন। ২০০৯ সালে প্রথম ভারতীয় হিসাবে হল অফ ফেমে জায়গা পান সুনীল গাওস্কর ও বিষান সিংহ বেদী।
এর পর কপিল দেব, অনিল কুম্বলে, রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, বিনু মাঁকড়, ডায়না এডুলজি এবং নীতু ডেভিড এই সম্মান পেয়েছেন।
আইসিসির বিবৃতিতে জানানো হয়েছে, চাপের মুখেও খুব শান্ত থাকতেন ধোনি। পাশাপাশি সীমিত ওভারের ম্যাচে ঝড় তুলতে পটু। এছাড়াও ফিনিশার, অধিনায়ক এবং উইকেট কিপার হিসাবেও যথেষ্ট দক্ষ তিনি।
২০০৪ সালে ভারতের হয়ে ক্রিকেটে অভিষেক হয়েছিল ধোনির। তার তিন বছর পর টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব পান। এরপর টেস্ট ও একদিনের ক্রিকেটেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ, এক দিনের বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছেন ধোনি। এছাড়াও দু’বার এশিয়া কাপ, এক দিনের ক্রিকেটে দু’বার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ক্যপ্টেন কুল। ধোনি ভারতের হয়ে ৩৫০টি এক দিনের ম্যাচ খেলেছেন। সেখানে ১০,৭৭৩ রান করেছেন। ৯০টি টেস্ট খেলে ৪৮৭৬ রান করেছেন।
