চিনের থেকে বেশি জনসংখ্যা ভারতে, এভাবেই বাড়বে? উত্তর দিল রাষ্ট্রসঙ্ঘ

কলকাতা – জনসংখ্যায় চিনকে টপকে গিয়েছে ভারত। ২০২৫-এও এই দেশ ‘বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র’-র তকমা ধরে রাখবে বলে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে জানানো হয়েছে।

‘বিশ্ব জনসংখ্যার অবস্থা’ শীর্ষক ওই রিপোর্টে জানানো হয়েছে, ২০২৩-এ জনসংখ্যায় চিনকে পিছনে ফেলেছিল ভারত। দু’বছর পরেও ছবিটা বদলায়নি। চলতি বছরের শেষ নাগাদ এদেশের জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছে যেতে পারে।

জনসংখ্যা বাড়লেও অদূর ভবিষ্যতে ভারতে প্রজনন হার কমার ইঙ্গিত রয়েছে রিপোর্টে। সেখানে ‘দ্য রিয়েল ফার্টিলিটি ক্রাইসিস’ নামে একটি অধ্যায়ে বলা হয়েছে, এদেশে জন্ম হার কমছে। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে জনসংখ্যার বর্তমান আয়তন বজায় রাখার জন্য যত সন্তানের জন্ম দেওয়া প্রয়োজন, ভারতীয় মহিলারা গড়ে তার চেয়ে কম গর্ভধারণ করছেন। এর ফলে আগামী দিনে ইউরোপ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের মতো ভারতেও জনসংখ্যা কমতে পারে। যার প্রভাব দেখা যাবে জনবিন্যাসে। বয়স্কদের অনুপাতে হ্রাস পাবে প্রবীণের সংখ্যা।

বর্তমানে ভারতে মোট জনসংখ্যায় ০-১৪ বছর বয়সিদের অনুপাত ২৪ শতাংশ। ১০-১৯ বছর বয়সিদের ক্ষেত্রে যা ১৭ শতাংশ এবং ১০-২৬ বছর বয়সির হার জনসংখ্যার ২৬ শতাংশ। তবে শুধু ভারত নয়, বিশ্বের অনেক দেশেই জন্মহার ক্রমাগত কমছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *