কলকাতা – বিরাট কোহলির টেস্ট অবসর এখনও মানতে পারছেন না রবি শাস্ত্রী। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের কমেন্ট্রি বক্সে বসেও বিরাটের টেস্ট অবসর নিয়ে আক্ষেপ করতে শোনা গেল প্রাক্তন ভারতীয় কোচকে।
কোহলির অবসর নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করেছেন শাস্ত্রী। তাঁর ইঙ্গিত, বোর্ড যদি বিষয়টা আরও ভালভাবে সামলাতো তাহলে হয়তো বিরাট বিদায় আটকানো যেত।
সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, “কোহলির অবসর আমি মানতে পারছি না। আমার এখনও মন খারাপ। কেউ চলে গেলেই বোঝা যায়, সে কত বড় ক্রিকেটার। বোর্ড পুরো ব্যাপারটাকে আরও ভালভাবে সামলাতে পারত। ওঁর সঙ্গে আরও কথা বলার প্রয়োজন ছিল।”
বিরাট বরাবরই শাস্ত্রীর খুব প্রিয়পাত্র। শাস্ত্রী অকপটে বলে দিলেন, “আমার হাতে যদি ক্ষমতা থাকত তা হলে অস্ট্রেলিয়া সফরের পরেই কোহলিকে টেস্ট অধিনায়ক করে দিতাম। সেটা হলে ও আরও কয়েক বছর খেলত।”
রবি শাস্ত্রীর এই মন্তব্য একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। তাহলে কি সত্যিই ফের টেস্ট অধিনায়কত্ব চেয়েছিলেন কোহলি? অবসরের আগে বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কি সে সুযোগ পাননি ভারতীয় ক্রিকেটের কিং?
জানা যায়, অবসরের আগে বিরাটের সঙ্গে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লার বৈঠকের কথা ছিল। কিন্তু এর মধ্যে ভারত-পাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়া-সহ একধিক কারণে সেটা আর হয়ে ওঠেনি। যদিও বিরাট অনেকদিন আগেই টেস্ট ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন।
