কলকাতা- কেন্দ্রের বঞ্চনার শিকার রাজ্যের স্কুল পড়ুয়ারা। কেন্দ্রের কাছ থেকে দেড় হাজার কোটি টাকা না পাওয়ার ফলে বাংলার স্কুলগুলিতে পর্যাপ্ত পরিমাণে স্মার্ট ক্লাসরুম করা যাচ্ছে না। তবে অন্যান্য রাজ্যের স্কুলগুলি ঢালাওভাবে স্মার্ট ক্লাসের পড়াশোনার সুযোগ পাচ্ছে।
কেন্দ্র টাকা না দেওয়ায় আগামী দিনে ডিজিটাল ও বাস্তবমুখী ক্লাসের ব্যবহার, প্রযুক্তি ব্যবহারের সুফল থেকে দেশের অন্য রাজ্যের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়বে বাংলার পড়ুয়ারা। সমগ্র শিক্ষা মিশন প্রকল্পের অর্থে সারা দেশেই তৈরি করা হয় স্মার্ট ক্লাসরুম।
গত অর্থবর্ষে কেন্দ্রের কাছ থেকে খাতায় কলমে ৩৪২টি স্মার্ট ক্লাস করার অনুমোদন পেলেও রাজ্যে তৈরি হয়েছে মাত্র ১০০টি স্মার্ট ক্লাস। কেন্দ্র যত টাকা পাঠিয়েছিল, তা দিয়ে ওই ১০০টি স্মার্ট ক্লাস করা হয়েছে। এর মধ্যে অবশ্য রাজ্য সরকারের ৪০ শতাংশ অর্থও রয়েছে।
রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা শুধু স্মার্ট ক্লাসের ক্ষেত্রেই নয়, মিড-ডে মিলের টাকা, আবাস যোজনার টাকা, ১০০ দিনের কাজের টাকা কেন্দ্র দিচ্ছে না। রাজ্য সরকার নিজের অর্থ খরচ করে গরিব পরিবারগুলির জন্য আবাসের বাড়ি তৈরি করে দিচ্ছে। কিন্তু বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারকে বরাবরই উদাসীন থাকতে দেখা গিয়েছে।
