নৃশংসভাবে খুন তৃণমূল নেতা, প্রথমে গুলি, মৃত্য়ু নিশ্চিত করতে লাগাতার কোপ! হাড়হিম ঘটনা

কলকাতা- নৃশংসভাবে খুন তৃণমূল কর্মী। পরপর গুলি করার পর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপও দেওয়া হয়।

এমন ভয়াবহ ঘটনা বসিরহাটে। তৃণমূল কর্মী আনার মোল্লাকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গোটা ঘটনার তদন্তে বসিরহাট থানার পুলিশ। কী কারণে এভাবে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা গ্রামের হাজিবাগের মোড়ের ঘটনা। সোমবার রাতে আনার মোল্লাকে বাড়ি থেকে কিছুটা দূরে মোটরবাইকে চেপে একদল দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

রাত ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। বছর ২৮-এর ওই তৃণমূল কর্মী যখন গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন, তখন তাঁর মৃত্যু নিশ্চিত করতে ধারাল অস্ত্রে এলোপাথাড়ি কোপ দেওয়া হয় বলেও অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন আনার মোল্লা। তা দেখে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জমি সংক্রান্ত বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *