বিধানসভায় ব্যাপক গোলমাল, সাসপেন্ড চার বিজেপি বিধায়ক, মার্শাল ডাকতে হল স্পিকারকে!

কলকাতা- আরও একবার উত্তল বিধানসভা। সাসপেন্ড বিজেপির চার বিধায়ক। অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, দীপক বর্মন ও মনোজ ওঁরাকে সাসপেন্ড করা হয়েছে গোটা অধিবেশন থেকে।

এদিন অধিবেশন শুরু হতেই নিজের বক্তব্য রাখতে চান শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। কিন্তু তাঁকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন বিজেপি বিধায়কেরা। সঙ্গে সঙ্গে তাঁরা অভিযোগ জানিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন।

পাল্টা চিৎকার শুরু করেন তৃণমূল বিধায়করাও। এই পরিস্থিতিতে বিজেপির চার বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। মন্ত্রী অরূপ বিশ্বাসের আবেদনের ভিত্তিতে তাঁদের সাসপেন্ড করা হয়।

সাসপেন্ড করার পর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় চার বিজেপি বিধায়ককে বাইরে বের করে দেওয়ার জন্য মার্শাল ডাকেন। তাঁরা আসতেই বিধায়কদের সঙ্গে শুরু হয় ধাক্কাধাক্কি। তখনই নীচে পড়ে যান শংকর ঘোষ। ভেঙে যায় চশমা।

বিজেপি বিধায়কদের আরও অভিযোগ, বিধানসভা কক্ষ থেকে বিধায়ক মিহির গোস্বামীকেও বাইরে বের করে দেওয়া হয়। এরপর তাঁরা কক্ষ ছেড়ে বেরিয়ে গিয়ে বারান্দায় জড়ো হন। সেখানেই বিক্ষোভ শুরু করেন। ‘চুপ বিধানসভা’ চলছে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তোলেন। শংকর ঘোষ বলেন, ‘ফ্লোরের মধ্যে ফেলে আমাদের মারা হয়েছে। মহিলা বিধায়কদের গায়েও হাত তুলেছে। তারপর টানতে টানতে কক্ষ থেকে বের করে দেওয়া হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *