কলকাতা- বঙ্গ বিজেপিতে এখন তিনি ব্রাত্য। দলের বিভিন্ন কর্মসূচিতে আর ডাক পাচ্ছেন না। অনেকদিন ধরেই জল্পনা চলছিল নতুন দল গড়ছেন দিলীপ ঘোষ । দলের নামও নাকি পাকা!
এবার প্রাতঃভ্রমণে বেরিয়ে আসল কথা খোলসা করলেন বিজেপি নেতা। সত্যিই কি বিজেপি ছেড়ে নিজের দল গড়ছেন তিনি?
দিলীপ বলেন, ‘আমি দল দাঁড় করিয়েছি। দল গঠন করিনি বা করার দরকার নেই।’ আরও বলেন, ‘৭০ বছর ধরে লড়াই করে একটা দল দাঁড় করিয়েছি। সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দলের প্রয়োজন নেই।’
গত কয়েক মাসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে দিলীপ। দলের রাজ্যস্তরের একাধিক নেতার সমালোচনার মুখে পড়েন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষকে সেভাবে দলীয় কর্মসূচিতে সক্রিয় থাকতে দেখা যায় না।
এর আগে লোকসভা নির্বাচনেও নিজের খাসতালুক থেকে ভোটে দাঁড় করানো হয়নি দিলীপ ঘোষকে। দিলীপের অন্য দলে যোগ দেওয়ার জল্পনা আরও তীব্র হচ্ছিল। তবে জল্পনায় এবার ইতি টানলেন বিজেপি নেতা নিজেই।
