কলকাতা- আরজি কর কাণ্ডে দলীয় অবস্থানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। তাতেই কি শাস্তি পেতে হল!
দল তাঁকে সাসপেন্ড করেছিল। এবার ডাক্তারির রেজিস্ট্রেশন গেল শান্তনু সেনের। ভুয়ো ডিগ্রি ব্যবহার করায় শান্তনু সেনের রেজিস্ট্রেশন বাতিল করেছে সুদীপ্ত রায়ের নেতৃত্বাধীন রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
অন্তত ২ বছর কারও চিকিৎসা করতে পারবেন না তিনি। পালটা আক্রমণ শানিয়ে শান্তনুবাবু বলেন, আমি হাসপাতাল খুলে তোলাবাজি করি না।
অভিযোগ ছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে বিদেশি ডিগ্রি FRCP ব্যাবহার করছেন শান্তনু সেন। এই অভিযোগ শান্তনু সেনের বিরুদ্ধে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্য মেডিক্যাল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়।
এর পর সাংবাদিক বৈঠক করে সুদীপ্ত রায় বলেন, ওকে সিঁথির লোক স্কোয়্যার ফুট সেন বলে চেনে। ও একটা তোলাবাজ। সেজন্য দল ওকে সাসপেন্ড করেছে। ও ভুল প্রেসক্রিপশন লেখে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ডিগ্রি ব্যবহারের অধিকার কারও নেই।
