BJP : কে হবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি! যার নাম ভাসছে… শুনলে অবাক হবেন

কলকাতা – ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি কে হবেন তা নিয়ে অচলাবস্থা চলছেই। বর্তমান সভাপতি জে পি নাড্ডার মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের জানুয়ারি মাসে।

২০২৪ সালের লোকসভা ভোটের দিকে নজর রেখে মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। দলীয় সূত্রে খবর, সভাপতি পদে কোনও মহিলা নেত্রীকে দেখা যেতে পারে।

দলের সিনিয়র নেতারা ইতিমধ্যেই বেশ কয়েকবার বৈঠক সেরেছেন। সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন, নির্মলা সীতারমন, ডি পুরন্দেশ্বরী এবং বনথি শ্রীনিবাসন।

দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সম্প্রতি দলের সদর দপ্তরে সভাপতি নাড্ডা এবং সাধারণ সম্পাদক বিএল সন্তোষের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দলীয় সূত্রে দাবি, বিস্তৃত অভিজ্ঞতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকায় সকলের চেয়ে এগিয়ে রয়েছেন তিনি।

যদি নির্মলাকে সভাপতি পদে নিযুক্ত করা হয়, তাহলে দক্ষিণ ভারতে বিজেপির অবস্থান আরও শক্তিশালী হতে পারে। নির্মলার নেতৃত্ব বিজেপির লোকসভায় মহিলাদের জন্য প্রস্তাবিত ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতিও প্রতিফলিত করবে। যা পরবর্তী সীমানা নির্ধারণের পরে বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তিনি এর আগেও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং দলীয় সংগঠনে তাঁর শিকড় যথেষ্ট গভীরে রয়েছে।

তালিকায় এর পরের নাম অন্ধ্রপ্রদেশের প্রাক্তন বিজেপি সভাপতির। বহুভাষিক নেত্রী, পুরন্দেশ্বরীর রাজনৈতিক জীবন সাজানো গোছানো। অপারেশন সিঁদুরের পর বিভিন্ন দেশে যাওয়া বহুদলীয় প্রতিনিধি দলেও ছিলেন তিনি।

তামিলনাড়ুর আইনজীবী তথা রাজনীতিবিদও রয়েছেন দৌড়ে। বর্তমানে তিনি কোয়েম্বাটোর দক্ষিণের প্রতিনিধিত্ব করছেন। ১৯৯৩ সালে বিজেপিতে যোগদানের পর থেকে বনথি রাজ্য সম্পাদক, সাধারণ সম্পাদক এবং তামিলনাড়ুর সহ-সভাপতি সহ একাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ২০২০ সালে, দল তাকে বিজেপি মহিলা মোর্চার জাতীয় সভাপতি নিযুক্ত করে এবং ২০২২ সালে তিনি প্রথম তামিল মহিলা হিসেবে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সদস্য হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *