‘দিদি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন’, নবান্নে এসে মমতাকে আমন্ত্রণ ওমরের, উত্তরে কী বললেন মুখ্যমন্ত্রী?

কলকাতা- পহেলগাঁও কাণ্ডের পর নানাভাবে বাংলার মুখ্যমন্ত্রীর থেকে সাহায্য পেয়েছেন ওমর আবদুল্লা। বাংলা সফরে আসার পর এই কথাই জানালেন তিনি। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক সম্মেলনে বললেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ‘দিদি’ বাংলা থেকে লোক পাঠিয়ে সাহায্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দিন তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এই দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভূস্বর্গে যাওয়ার আবেদন জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী। কারণ বেশ কয়েকবার দিদির কাছে অতিথি হিসেবে এলেও দিদি কখনও কাশ্মীর বললে অনুযোগ করেন ওমর আবদুল্লা। পাশাপাশি বাংলাবাসীর উদ্দেশ্যেও একই বার্তা দেন। ওমরের কথায়, ‘দিদিকে বলেছি, সুযোগ পেলে একবার কাশ্মীরে আসুন। আমি তো বহুবার বাংলায় অতিথি হয়ে এসেছি। এবার বাংলা থেকেও চাই বেশি পর্যটক যাক কাশ্মীরে।’

কাশ্মীরের মুখ্যমন্ত্রীর কথায়, ‘পহেলগাঁওয়ের ঘটনার পর হোটেলগুলো ফাঁকা হয়ে গিয়েছিল। বিমান চলাচল কমে গিয়েছিল। কিন্তু এবার আবার ঘুরে দাঁড়াচ্ছে কাশ্মীর।পর্যটকরা আসছেন, অমরনাথ যাত্রায় লক্ষাধিক মানুষ যাচ্ছেন। কেউ তো বলেননি তাঁরা নিরাপদ বোধ করেননি। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ তৎপরতায় কাজ করছে। আমি কাশ্মীরের সম্ভাবনাকে ফের জাগিয়ে তুলতে এসেছি।’ দুই রাজ্য যৌথভাবে আগামীদিনে কাজ করুক এমন ইচ্ছাও প্রকাশ করেছেন ওমর আবদুল্লা। এই দিন তিনি বলেন, ‘আমি চাই দুটো রাজ্য আগামী দিনে আরও একসঙ্গে কাজ করুক। শিল্প ও পর্যটনের ক্ষেত্রে আরও বেশি করে কাজ করতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *