কলকাতা- অনেকদিন ধরেই দলের সঙ্গে বেড়েছিল তাঁর দূরত্ব। দলের কোনও অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ বৈঠক এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় তাঁর দেখা পাওয়া যায়নি। যদিও সবটা নিজের মতো যুক্তি দিয়ে বারবার খণ্ডন করতেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
এবার পরিস্থিতি বদলাল রাজ্য বিজেপি সভাপতি হিসেবে শমীকের অভিষেকের পর। নতুন সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতেই দলের অন্দরে কোণঠাসা দিলীপ আবারও স্বমহিমায়।
১৮ জুলাই দুর্গাপুরে নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় জ্বলজ্বল করছে দিলীপ ঘোষের নাম। গেরুয়া শিবির সূত্রে জানা যায়, মোদি সভা করবেন দূর্গাপুরে। সেই সভায় বঙ্গ বিজেপি থেকে কারা কারা আমন্ত্রিত, তার একটি তালিকা পাঠানো হয়েছে। সেই তালিকায় দিলীপ ঘোষের নাম রয়েছে।
ওদিকে আবার উত্তরবঙ্গে দলের সংগঠন আরও মজবুত করতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেখানে অগ্রণী ভূমিকায় থাকবেন দিলীপ। এর আগে আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা হোক বা নেতাজি ইন্ডোরে অমিত শায়ের সভা, কোথাও আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে।
এর পর রাজ্য বিজেপি সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার জন্য অনুষ্ঠান মঞ্চেও গরহাজির ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি। এছাড়াও সাম্প্রতিক সময়ে একাধিক বিজেপির বৈঠকেও ডাকা হয়নি দিলীপকে। একপ্রকার দলের অন্দরে কোণঠাসা ছিলেন দিলীপ। পরিস্থিতি বদলাল শমীকের কাঁধে দায়িত্ব যেতেই!
