‘আমাদের রাস্তা আলাদা..’! বিবাহবিচ্ছেদের খবর দিলেন সাইনা, স্বামীর সঙ্গে কী এমন হল!

কলকাতা- বিয়ে ভাঙল ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের। স্বামী পারুপাল্লি কাশ্যপের সঙ্গে ৭ বছর সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা করলেন সাইনা।

ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সাইনা লেখেন, ‘মাঝে মাঝে জীবন আমাদের ভিন্ন পথে নিয়ে যায়। অনেক কিছু ভেবে পারুপাল্লি কাশ্যপ এবং আমি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। নিজেদের জন্য এবং পরস্পরের জন্য আমরা শান্তি এবং উন্নতি বেছে নিয়েছি। যে স্মৃতিগুলো রয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি সামনে এগিয়ে যাব। এর বেশি কিছু চাই না। আমাদের বোঝার জন্য এবং গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য ধন্যবাদ।’

৩ বছর প্রেম করার পর ২০১৮ সালের ১৪ ডিসেম্বর বিয়ে হয়েছিল সাইনা এবং কাশ্যপের। পারুপাল্লি কাশ্যপও একজন ব্যাডমিন্টন খেলোয়াড়।

হায়দরাবাদে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমিতে দু’জনেই এক সঙ্গে প্রশিক্ষণ নিতেন। সেখানেই তাঁদের পরিচয় এবং প্রণয়।

একসঙ্গে ব্যাডমিন্টন খেলতে শুরু করেছিলেন দু’জনেই। এর পর ভারতীয় ব্যাডমিন্টনে রাজত্ব করেছেন। সম্পর্কও আরও দৃঢ় হয় দু’জনের। সাইনার অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক রয়েছে। একটা সময় তিনি বিশ্বের এক নম্বর খেলোয়াড় ছিলেন।

অন্যদিকে, কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন কাশ্যপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *