কলকাতা- লর্ডস টেস্টের শেষ দিনে ২২ রানে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। লড়াই করেও পারল না ভারত।
এই টেস্ট সিরিজ শুরুর আগে রবীন্দ্র জাডেজাকে দলে রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ক্রিকেটপ্রেমীদের একাংশ। সোমবার সেই তিনিই একা লড়ে গেলেন। তবে তীরে এসে তরী ডুবল ভারতের। জয়ের দোরগোড়ায় পৌঁছেও জয় অধরা রইল ভারতের। লর্ডসে জিতে সিরিজ ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
১৮১ বলে ৬১ রানে অপরাজিত রইলেন রবীন্দ্র জাদেজা। তবে ম্যাচ শেষে তাঁর চোখমুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট।
চতুর্থ ইনিংসে জয়ের জন্য ভারতের সামনে টার্গেট ছিল ১৯৩। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং বিপর্যয়ের মাশুল গুনতে হল ভারতকে। ১৭০ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
পঞ্চম দিনে ৪ উইকেটে ৫৮ স্কোর নিয়ে খেলতে নেমেছিল ভারত। সমর্থকরা তাকিয়ে ছিলেন কেএল রাহুল ও ঋষভ পন্থের জুটির দিকে! তাড়াহুড়োয় উইকেট ছুড়ে দিয়ে আউট হলেন তারকা ব্যাটাররা। আর্চারের বলে ক্লিন বোল্ড হন ঋষভ পন্থ (১২ বলে ৯ রান)।
রাহুল ৫৮ বলে ৩৯ রান করে বেন স্টোকসের বলে LBW হন। পরের ওভারেই শূন্য রানে ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে বড় ধাক্কা দেন জোফ্রা আর্চার। তখন ভারতের স্কোর ৮২-৭।
একটা প্রান্ত আগলে রেখেছিলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন নীতীশ। তবে ৫৩ বল খেলে ১৩ রান করে আউট হন তিনি। হাল ছাড়েননি জাদেজা। বোলারদের সঙ্গে নিয়ে লড়াই চালান। অধিকাংশ বল খেলছিলেন নিজেই। ১৫০ বল খেলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি।
বুমরাও চেষ্টা করছিলেন টিকে থাকার। তবে অকারণে শট খেলতে গিয়ে আউট হন (৫৪ বলে ৫)। শেষে সিরাজকে (৩০ বলে ৪) বোল্ড করেন শোয়েব বাসির।
