২৬-এর ভোটের আগে মমতার ‘মাস্টারস্ট্রোক’! গ্রামবাংলার ‘ছোট’ সমস্যার সমাধানে এবার নতুন প্রকল্প

কলকাতা-  ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চালু হবে ২ অগাস্ট থেকে।

২১শে জুলাইয়ের মঞ্চ থেকে নির্বাচনী লড়াইয়ের রূপরেখা এঁকে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি।

প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা জানান, মানুষের ছোট ছোট সমস্যা সমাধানের জন্য এবার থেকে সরকার পথে নামবে। নতুন কর্মসূচি নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে মমতা বলেন, ‘এইরকম উদ্যোগ এই প্রথম। গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন আমাদের আধিকারিকরা। তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। প্রত্যেকটা বুথে একটা জায়গা থাকবে। যেখানে সাধারণ মানুষ নিজেদের ছোট ছোট সমস্যার কথা জানাবেন। সেই ক্ষেত্রে সরকারি অফিসারের আলোচনা করে ঠিক করবেন, কতটা কী করতে পারা যায়। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।’

মমতা জানান, তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। ছোট ছোট কাজের জন্য সরকার কিছু টাকা দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *