কলকাতা- ইউজিসি নেট পরীক্ষায় ভাল ফল বাংলার। বাংলা নিয়ে সর্বভারতীয় স্তরে প্রথম হয়েছে কাটোয়ার নিলুফা ইয়াসমিন।
জার্নালিজম ও মাস কমিউনিকেশন নিয়ে সারা ভারতে দ্বিতীয় স্থান পেয়েছেন কলকাতার রিক্তা চক্রবর্তী। দুজনকেই তাদের সাফল্যের জন্য শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা বিষয়ে প্রথম স্থান দখল করা নিলুফা খাতুনের বাড়ি কাটোয়ার পালিটা রোডে। এই মেধাবী ছাত্রী পর পর দুবার পরীক্ষায় বসেছিলেন। প্রথমবার আশানুরূপ ফল হয়নি। তবে লড়াই করা ছাড়েননি নিলুফা। ফের পরীক্ষায় বসে সারা দেশে বাংলা বিষয়ে ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে প্রথম হয়েছে নিলুফা।
এদিন ফল প্রকাশের পরই নিলুফা জানায়, ‘প্রথম দু’বার ব্যর্থ হই। মন খারাপ হয়েছিল, কিন্তু ভেঙে পড়িনি। জানতাম আমি পারব।’ শিক্ষিকা হতে চায় নিলুফা। গবেষণা করতে চায় বলেও জানিয়েছে।
এই সাফল্যে আবেগে ভাসলেন মুখ্যমন্ত্রী মমতা এক্স হ্যান্ডেলে লেখেন,“UGC NET-এ বাংলা বিষয়ে ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের মধ্যে প্রথম স্থান পাওয়ায় কাটোয়ার নিলুফা ইয়াসমিনকে আন্তরিক অভিনন্দন। গণযোগাযোগ ও সাংবাদিকতায় অল ইন্ডিয়া র্যাঙ্ক ২ পাওয়া রিক্তা চক্রবর্তীকে জানাই আমার শুভেচ্ছা। তোমাদের এই জয় বাংলা ও বাঙালিকে গর্বিত করেছে।”
