কলকাতা – বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ সমীক্ষায় বাদ পড়েছে ৫৬ লক্ষ ভোটারের নাম। এবার এই সংশোধন হতে চলেছে বাংলায়।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, আগামী অগাস্ট মাসেই রাজ্যে শুরু হতে পারে এসআইআর। এর মাঝে আবার রাজ্য নির্বাচন কমিশনারের অফিসকে স্বতন্ত্র করতে বলায় জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে নবান্ন।
রিপোর্টে দাবি করা হয়েছে, বাংলাতে গত এক সপ্তাহেই ৭০ হাজারের বেশি ভোটার অনলাইনে ভোটার কার্ড সংশোধন বা আপডেটের জন্য আবেদন করেছেন। এর আগে বিহারে ২০ লাখ মৃত ভোটারের নাম বাদ গিয়েছে তালিকা থেকে।
এদিকে ২৮ লাখ এমন ভোটারের নাম তালিকা থেকে বাদ গিয়েছে, যারা বিহারে থাকেন না এবং বিহারের পাশাপাশি তাঁদের অন্যত্র ভোটার তালিকায় নাম তোলা আছে।
স্পেশাল ইনটেনসিভ রিভিশন ১১টি নথির ভিত্তিতে নির্ধারণ করা হবে যে একজন ভোটার বৈধ কি অবৈধ। বলা হয়েছে, সরকারি কর্মীদের পরিচয়পত্র, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি নথি (ব্যাঙ্ক, পোস্ট অফিস, এলআইসির নথিও গ্রাহ্য), জন্মের শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষা সংক্রান্ত শংসাপত্র (জন্মের তারিখ উল্লেখ থাকা চাই), স্থায়ী বসবাসকারীর শংসাপত্র, এসসি এসটি বা ওবিসির সংশাপত্র, এনআরসি তালিকায় নাম, স্থানীয় প্রশাসনের তৈরি করা পারিবারিক ‘রেজিস্টার’, দলিল বা পর্চার জমি-বাড়ির নথি।
