কলকাতা – বৃহস্পতিবার থেকে বৃষ্টি। শহর কলকাতা সহ জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কলকাতা বিমানবন্দর সংলগ্ন হলদিরাম এলাকায় এক হাঁটু জল জমে রয়েছে শনিবার সকালেও। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহান্তেও জেলায় জেলায় রয়েছে ঝড়বৃষ্টির সম্ভাবনা।
উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর হয়েছে। ধীরে ধীরে তা এগোচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডের উপরে। ফলে সপ্তাহান্তেও চলবে বৃষ্টি।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
শনিবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ–সহ একাধিক জেলায় ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
উত্তরবঙ্গের দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২৯ জুলাই পর্যন্ত উত্তর ও মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূলে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই এলাকায় গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মৎস্যজীবীদের।
প্রসঙ্গত, একটি নিম্নচাপ সরতেই আরও একটি নিম্নচাপ এসে হাজির হওয়াতেই দুর্যোগ বেড়েছে বঙ্গে। যার ফলে বৃহস্পতিবার সকাল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করে। মেঘলা আকাশ, সঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়।
