ঝাঁকে ঝাঁকে জালে উঠছে ইলিশ! বাঙালির জন্য বড় সুখবর, এবার দাম কমার সম্ভাবনা রুপোলি শস্যের

কলকাতা – প্রায় এক মাস খরা। তার পর মৎস্যজীবীদের জালে ফের ইলিশের বন্যা। গত দু’দিন প্রায় ৪০০ টন ইলিশ নিয়ে উপকূলে ফিরেছে একাধিক ট্রলার। 

জুন মাসের ১৪ তারিখ ট্রলারগুলি মাছ ধরতে গভীর সমুদ্রে গিয়েছিল। প্রথম একসপ্তাহ ভাল পরিমাণ মাছ উঠেছিল। কিন্তু এরপর সমুদ্র উত্তাল হয়ে পড়ে। প্রায় একমাস ইলিশের মুখ দেখতে পাননি মৎসজীবীরা।

ফের ইলিশের দেখা মেলায় মৎস্যজীবীদের মুখে হাসি ফুটেছে। সদানন্দ মণ্ডল নামে এক মৎস্যজীবী বলেন, ‘অনেকদিন পর ইলিশ পেলাম। ঝিরঝির বৃষ্টি ও পূবালী বাতাস থাকার কারণে ভালোই মাছ ধরা পড়েছে। মাছের সাইজও ভালো। কিন্তু হঠাৎ আবহাওয়ার পরিবর্তন হওয়ায় সমুদ্র থেকে ফিরে আসতে হল। না হলে আরও বেশি মাছ পেতাম।’  

কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, ‘বেশিরভাগ ইলিশের ওজন ৫০০ গ্রাম থেকে এক কেজি। গত চারবছর ধরে সমুদ্রে এত মাছের ঝাঁক দেখা যায়নি। দামও মিলছে ভালো। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২৪-২৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। দুর্যোগ কেটে গেলে ভালো পরিমাণ মাছ পাওয়ার সম্ভাবনা আছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *