স্বমহিমায় ফিরলেন অনুব্রত! বীরভূম সফর কেষ্টর সঙ্গে মিটিং মমতার, ফিরে পেলেন ‘পুরনো জায়গা’

কলকাতা- স্বমহিমায় ফিরলেন বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল। সোমবার বীরভূমে দলের কোর কমিটির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরই তাঁকে কোর কমিটির কনভেনার করা হল।

মে মাসে তৃণমূল কংগ্রেসের তরফে জেলায় জেলায় দলের সভাপতি ও চেয়ারম্যানদের যে তালিকা প্রকাশ করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল বীরভূম জেলায় দলের সভাপতি হিসেবে অনুব্রত মণ্ডলের নাম নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, দল চালানোর দায়িত্ব দেওয়া হয় দলের কোর কমিটির উপরেই।

সেই কোর কমিটির সদস্য হিসেবে অনুব্রতর নাম অন্তর্ভুক্ত করেছিল দল। জানা গিয়েছিল, তৃণমূলের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই কিছুটা ভেঙে পড়ে দলে অনুব্রতর অনুগামীরা। 

রবিবার বীরভূম সফরে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে পৌঁছনোর পর জেলার অন্যান্য নেতাদের সঙ্গে নেত্রীর সঙ্গে দেখা করতে যান অনুব্রতও। এর পরই একান্ত সাক্ষাৎকার হয় মমতা ও অনুব্রতর মধ্যে। সোমবার দুপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে অতিথিদের তালিকায় একেবারে এক নম্বরে অনুব্রতর নাম দেখা যায়। যদিও এই সভায় অনুব্রত এসেছিলেন WBSRDA-এর চেয়ারম্যান হিসেবে।  

বীরভূমে অনুব্রত বনাম কাজল শেখের দ্বন্দ অনেকের কাছেই চর্চার বিষয়। এদিনের কোর কমিটির বৈঠকে তৃণমূল সুপ্রিমো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সকলকে একসঙ্গে চলতে হবে। অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *