কলকাতা- বিন্নাগুড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে তৃণমূল নেতার মায়ের মৃত্যু, আহত পাঁচ, এলাকায় চাঞ্চল্য। বৃহস্পতিবার দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন তৃণমূল নেতা ললন ঝার মা শচিদেবী ঝা (৫৩)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন, যাঁদের মধ্যে রয়েছেন সরস্বতী ঝা সহ চারজন। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন বানারহাট হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন শচিদেবী ঝা। হঠাৎ ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। তবে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন, গ্রাস করে আশেপাশের পাঁচটি ঘর।
খবর পেয়ে বিন্নাগুড়ি সেনা ছাউনি থেকে দুটি ইঞ্জিন ও পরে ধূপগুড়ি ও বীরপাড়া দমকল কেন্দ্র থেকে আরও চারটি ইঞ্জিন এসে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছান জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সীমা চৌধুরী। তিনি আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়, তবে প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা করছে প্রশাসন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বানারহাট থানার হেফাজতে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দমকল বিভাগ ও প্রশাসনের তরফে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।
