সিরাজ, কৃষ্ণার দাপটে ম্যাচে ফিরল ভারত, ওভাল টেস্ট জমে গেল দ্বিতীয় দিনে! সুবিধা করতে পারল না ইংল্যান্ড

কলকাতা – দ্বিতীয় দিনেই জমে গেল ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্ট। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২২৪ রানে।

জবাবে ব্যাট করতে নেমে যেভাবে ইংল্যান্ডের ব্যাটাররা প্রথম থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে তাতে একটা সময় মনে হচ্ছিল বড় সংখ্যক রানের লক্ষ্যে এগোচ্ছে ব্রিটিশরা। কিন্তু সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার দাপটে বেশিদূর এগোতে পারেনি ইংল্যান্ড। ইংল্যান্ডের ইনিংস শেষ হল ২৪৭ রানে। ফলে টিম ইন্ডিয়ার চেয়ে মাত্র ২৩ রানে এগিয়ে ইংল্যান্ড। সিরাজ এবং প্রসিদ্ধ পেলেন চারটি করে উইকেট।

দ্বিতীয় দিনেও বেশ কয়েকবার খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে। ১২.৫ ওভারে ইংল্যান্ডের রান যখন ৯২, আকাশ দীপের বলে সাজঘরে ফেরেন ডাকেট (৪৩)। এরপর প্রসিদ্ধ কৃষ্ণর বলে ব্যক্তিগত ৬৪ রানে ফেরেন ক্রলি। অলি পোপ (২২)-কে লেগ বিফোর করেন সিরাজ। জো রুট (২৯) যখন আউট হন, তখন ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৭৫।

চা পানের বিরতির সময় ইংল্যান্ডের রান ছিল ৮ উইকেটে ২৪২। বৃষ্টি আসায় খেলা বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। বৃষ্টির পর ইংল্যান্ডের বাকি উইকেট ফেলতে তেমন কোনও বেগ পেতে হল না ভারতকে। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ইংল্যান্ডের ইনিংস শেষ হয় ২৪৭ রানে।

দ্বিতীয় দিনেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামল ভারত। দ্বিতীয় ইনিংসে শুরুটা খারাপ করেননি যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। যশস্বী আগ্রাসী খেলছিলেন। সেই তুলনায় রাহুল অনেক ধীরগতির। দ্বিতীয় ইনিংসে ব্যর্থতা পিছু ছাড়েনি কেএল রাহুলকে। ৭ রানে টংয়ের বলে খোঁচা দিয়ে আউট হলেন তিনি। সাই সুদর্শন আউট হন ১১ রানে। দিনের শেষে ভারতের রান ২ উইকেটে ৭৫। অপরাজিত রয়েছেন যশস্বী (৫১) এবং নাইট ওয়াচ ম্যান হিসেবে নামা আকাশ দীপ (৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *