কলকাতা- ‘বাংলা বলে কোনও ভাষা নেই।’ এহেন মন্তব্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর। সম্প্রতি বঙ্গভবনে পাঠানো দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করা হয়েছিল। যার প্রেক্ষিতে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঙালিদের অপমানের অভিযোগ তুলে কেন্দ্রকে তীব্র ধিক্কার জানিয়েছিল তৃণমূল দল। সেই আবহে মালব্যের এই মন্তব্য যে সেই বিতর্কের আগুনে ঘি ঢালল।
‘বাংলাদেশি ভাষা’ ইস্যুতে মমতা দিল্লি পুলিশের তীব্র সমালোচনা করে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটিকেই রিপোস্ট করে মালব্যের দাবি, দিল্লি পুলিশের বক্তব্য একদম সঠিক, কারণ বাংলা বলে কোনও ভাষা নেই!
মালব্য বলেন, “দিল্লি পুলিশ ‘বাংলাদেশি ভাষা’ বলেছে, কারণ সেটাই অনুপ্রবেশকারীদের ভাষা। তাদের উচ্চারণ, বাচনভঙ্গি আলাদা। ভারতের মূলস্রোতের সঙ্গে খাপ খায় না সেটা। বাঙালি একটি জাতি হতে পারে, কিন্তু বাংলা কোনও ভাষা নয়। বাংলাদেশি ভাষা বলতে আসলে সেই অনুপ্রবেশকারীদের ভাষাকে বোঝানো হয়েছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের কোনও সম্পর্ক নেই।”
মালব্যের এই মন্তব্যের পরেই বিতর্কের আগুন আরও তীব্রভাবে ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূলের দাবি, বাংলা ভাষার স্বীকৃতিকে অস্বীকার করার এই প্রচেষ্টা আদতে ‘সাংবিধানিক অপমান’।
