আমি-তুমির রাজনীতি বন্ধ, কর্মীদের বড় বার্তা অভিষেকের, SIR নিয়ে প্রতিবাদের ডাক

কলকাতা- চলতি মাসেই এসআইআর (SIR) শুরু হতে পারে বাংলায়। এই নিয়ে প্রতিটি রাজ্যে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। এমন পরিস্থিতিতে দলের সাংসদ, বিধায়ক, জেলাস্তরের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, ‘বিজেপি নেতাদের দেখলে জয় বাংলা বলুন।’ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলে একতা বজায় রাখতে সর্বস্তরের নেতাদের সতর্ক করে বলেন, ‘আমি-তুমির রাজনীতি চলবে না।’ এদিন রাজ্যের ৮০ হাজার বুথে ছোট সভা করে মানুষের কাছে পৌঁছোনোর বার্তা দেন অভিষেক।

প্রায় ৯ হাজার দলীয় নেতৃত্ব এদিন বৈঠকে যোগ দেন। সেখানেই একাধিক বিষয়ে বার্তা দেন অভিষেক। এর মধ্যে আরও নিবিড়ভাবে সাধারণের কাছে পৌঁছোনোর বার্তা দেন অভিষেক। পাশাপাশি, এসআইআর ইস্যু নিয়ে অভিষেকের অভিযোগ, বিজেপি বাংলায় হেরে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে।

দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, বিজেপি নেতারা বলছে এক কোটি নাম বাদ যাবে। আমি বলছি একজনের বাদ দিয়ে দেখাক। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’ রাজ্যে একের পর এক এনআরসি নোটিশ পাঠানো নিয়ে সরব হয়েছেন অভিষেক। এনআরসি, এসআইআর ইস্যুতে জোরালো প্রতিবাদ বিশেষ করে উত্তরবঙ্গের নেতৃত্বকে এই বিষয়ে তিনি নজর দিতে বলেছেন। বুথে বুথে সভা করার কথা বলেন তৃণমূল নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *