সোমবার থেকে এসি লোকাল ট্রেন! সাবধান, টিকিট ছাড়া উঠলে ফাইন কত জানেন?

কলকাতা- সোমবার থেকে শিয়ালদা-রানাঘাট রুটে এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে। এই ট্রেনে ভুলেও টিকিট ছাড়া উঠবেন না। এমনিতে লোকাল ট্রেনে কোনও টিকিট পরীক্ষক সেভাবে নজরে পড়ে না। তবে এই এসি ট্রেনে ১২টি কামরার প্রতিটিতে টিকিট পরীক্ষক ও আরপিএফ জওয়ান থাকবেন বলে জানা গিয়েছে। প্রতিটি কামরায় থাকবে সিসিটিভি ক্যামেরা।

বিনা টিকিটের যাত্রীরা ধরা পড়লে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এসি লোকালেও সাধারণ ট্রেনের মতোই বিনা টিকিটে ২৫০টাকা জরিমানা সঙ্গে ন্যূনতম ভাড়া দিতে হবে।

সোমবার এই এসি লোকাল উদ্বোধনের আগে শুক্রবার তা পরিদর্শন করতে গিয়েছিলেন রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা। রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই এসি লোকাল ট্রেনকে সবুজ পতাকা দেখাতে পারেন। এই এসি লোকালের সব কোচ তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে। ট্রেনের প্রতিটি কামরায় ৩০ টন ক্ষমতাসম্পন্ন এসি থাকছে।

এই ট্রেনে একটি কোচের সঙ্গে আর একটি কোচ জোড়া থাকবে ভেস্টিবুলার গ্যাংওয়ে দিয়ে। সব কোচে থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। মেট্রোর মতোই এই দরজার নিয়ন্ত্রণ থাকবে চালকের কাছে। এদিকে যাত্রীরা কোনও সমস্যায় পড়লে ট্রেনের গার্ড ও চালকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তার জন্য প্রতিটি কামরায় টক-ব্যাক সিস্টেম আছে। এই ট্রেনে এগারোশোর বেশি আসন থাকবে।

শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেনটি সকাল ৮ টা ২৯ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে। তা শিয়ালদায় পৌঁছাবে সকাল ১০ টা ১০ মিনিটে। আর শিয়ালদা থেকে সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ছাড়বে এসি লোকাল ট্রেন। রানাঘাটে পৌঁছাবে রাত ৮ টা ৩২ মিনিটে। এই ট্রেনটি সব স্টেশনে অবশ্য দাঁড়াবে না। চাকদা, কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দা, সোদপুর, দমদম এবং বিধাননগর স্টেশনে দাঁড়াবে শিয়ালদা-রানাঘাট এসি লোকাল ট্রেন।

শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই ট্রেনে ভাড়া পড়বে ১২০ টকা। শিয়ালদা থেকে ব্যারাকপুর যেতে ৬০ টাকা, শিয়ালদা থেকে দমদম যেতে ৩৫ টাকা এবং শিয়ালদা থেকে নৈহাটি যেতে ৯০ টাকা খরচ পড়বে। আবার রানাঘাট পর্যন্ত মান্থলির খরচ পড়বে ২,৪৩০ টাকা। ব্যারাকপুর পর্যন্ত মান্থলির খরচ ১,২৭৫ টাকা পড়বে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *