কলকাতা- আইপিএল-সহ জাতীয় দলে জায়গা করে নেওয়ার পর ক্রিকেটারদের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়। জনপ্রিয় ক্রিকেটারদের বিভিন্ন কোম্পানি তাদের প্রচার অভিযানে কাজে লাগায়। বিজ্ঞাপনের পরিচিত মুখ হয়ে ওঠেন এই তারকারা।
প্রিয় ক্রিকেটারদের অনুসরণ করে অনেক সময় ভুল পথে চালিত হন অনেকেই। শুধুমাত্র অর্থের লোভেই তারকা ক্রিকেটারদের ভুল পদক্ষেপ তাদের সমালোচনার মুখে ফেলে। এবার আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়িয়ে পড়ল সুরেশ রায়নার।
ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যান্টাসি গেমিং অ্যাপগুলির জনপ্রিয়তাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেআইনি বেটিং অ্যাপের রমরমা ব্যবসাও ছেয়ে গেছে বাজারে।
এই অ্যাপগুলিকে অনেক সময় তারকা অভিনেতা-অভিনেত্রী সহ ক্রিকেটারদের প্রচার করতে দেখা যায়। এর ফলে ভুল পথে চালিত হয়ে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। এবার বেআইনি বেটিং অ্যাপের প্রচার করার জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) সুরেশ রায়নাকে তলব করল।
তার বক্তব্য নথিভুক্ত করতে চান তদন্তকারী অফিসাররা। বুধবারই এই তদন্তকারী সংস্থার দপ্তরে হাজির হতে পারেন তিনি। অভিযুক্ত বেটিং অ্যাপের প্রচার অভিযানের অন্যতম মুখ ছিলেন রায়না। এই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রতারিত করার অভিযোগ রয়েছে। বেটিং অ্যাপটির বিরুদ্ধে অভিযোগ হল তারা আসল উদ্দেশ্য গোপন করে প্রচার চালাত। একটি অ্যাপের পিছনে একাধিক নিষিদ্ধ অ্যাপ ব্যবহার করতো। যা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ।
