কলকাতা- পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকার উপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে আজ উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। তবে প্রত্যক্ষভাবে পশ্চিমবঙ্গের উপরে সেই নিম্নচাপের কোনও প্রভাব পড়বে না।
উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম) অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রতিটি জেলায় ঝড়ও উঠবে। ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। সেজন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি তিনটি জেলার কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর শনিবার উত্তরবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই দু’দিনই উত্তরবঙ্গের কোনও জেলায় জারি করা হয়নি সতর্কতা।
