আরজি করের আর্থিক দুর্নীতির তদন্ত, কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে হাজির সিবিআই

কলকাতা- কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে সিবিআই (CBI) অভিযান। শুক্রবার দুপুরে শ্যামবাজারে ডেপুটি মেয়র অতীন ঘোষের (Atin Ghosh) বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। আরজি কর কাণ্ডে (RG Kar Case) দুর্নীতির তদন্তে এই অভিযান বলে জানা যাচ্ছে। রোগী কল্যাণ সমিতির তৎকালীন সদস্য অতীন ঘোষ। এদিন দুপুর ২টা নাগাদ সিবিআইয়ের দুই আধিকারিক অতীন ঘোষের বাড়িতে যান। রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।

আরজি করে ধর্ষণ-খুনের ঘটনার পর প্রকাশ্যে আসে আর্থিক দুর্নীতির বিষয়টি। অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ক্ষেত্রে বরাদ্দ টাকা নয়ছয় করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলাটির তদন্ত করছে সিবিআই। এই মামলায় আগেই গ্রেপ্তার করা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। তিনি এখনও জেলে।

অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক। আর এই বিধানসভা এলাকাতেই রয়েছে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। রোগী কল্যাণ সমিতির তৎকালীন সদস্য অতীন ঘোষ। আর রোগী কল্যাণ সমিতির বৈঠকে হওয়া একাধিক সিদ্ধান্তে হাসপাতালে দুর্নীতির যোগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। আরজি করের দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য এদিন অতীন ঘোষের বাড়িতে সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলে খবর। তাঁদের হাতে রয়েছে একাধিক ফাইলপত্রও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *