তৃণমূলের ভাষা আন্দোলন মঞ্চ ভাঙল সেনা! মমতা বললেন, ‘আমাকে দেখে পালাল ২০০ সেনাকর্মী’

কলকাতা- মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূলের ভাষা আন্দোলনের ধর্না মঞ্চ। তা খুলে দেওয়া নিয়ে উত্তেজনা।

শনি ও রবিবার করে এখানে ধর্না করে থাকে তৃণমূল। অভিযোগ, এই কর্মসূচির অনুমতি শেষ হয়ে যাওয়ায় এদিন সেনার পক্ষ থেকে ধর্না মঞ্চ খুলে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে পৌঁছন। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছতেই সেনার জওয়ান ও আধিকারিকরা এলাকা থেকে সরে যান। তাঁরা কোনও বিবাদে জড়াতে চাননি।  মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছেই উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলেন, অনুমতির কাগজও দেখতে চান। পরে বলেন, ‘আমাকে দেখে ২০০ সেনা ছুটে পালিয়ে যাচ্ছিল, এদের কোনও দোষ নেই, বিজেপির কথায় এরা চলছে।’

মমতা অভিযোগ করেন, ‘মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে। স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমার আর্মির বিরুদ্ধে কোনও ক্ষোভ নেই। কারণ, আমরা সেনাকে নিয়ে গর্বিত। কিন্তু সেনাকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায়, তা নিয়ে সন্দেহ জাগে!’

মমতা জানান, রাজনৈতিক স্বার্থে সেনাবাহিনীকে ব্যবহার করা হচ্ছে। সেনার অনুমতি নিয়েই ভাষা আন্দোলনের মঞ্চ বাঁধা হয়েছিল। ওদের আপত্তি থাকলে আমাদের বলতে পারত। কলকাতা পুলিশকে বলতে পারত। অরূপ বিশ্বাসকে জানাতে পারত। আমরা খুলে দিতাম। তা না করে মঞ্চ ভাঙা হল। এটা অনৈতিক। আমি আর্মিকে দোষ দিচ্ছি না, আমি বিজেপিকে দোষ দিচ্ছি। ঘটনাস্থলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ধর্নামঞ্চ রানি রাসমণি রোডে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *