কলকাতা – ডার্বি জিতিয়েছিলেন তিনি। ইস্টবেঙ্গল ভক্তদের কাছে তিনি হয়ে গিয়েছিলেন দিমি-গড। সেই দিয়ামান্তাকোসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল। ডার্বির নায়ক আচমকাই ছাঁটাই হওয়ায় অবাক সমর্থকরাও।
ডুরান্ড কাপের ডার্বিতে গ্রিক-স্ট্রাইকার জোড়া গোল করে জিতিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। কিন্তু ডুরান্ড কাপের সেমিফাইনালে একাধিক গোল নষ্ট করেন তিনি। সদ্যই সন্তানের বাবা হয়েছেন। তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তখনই দিমি-বিদায়ের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল।
কেরল ব্লাস্টার্সের জার্সিতে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন দিয়ামান্তাকোস। ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত ব্যক্তিগত ভাবে কথা বলেছিলেন গ্রিক তারকার সঙ্গে। স্প্যানিশ কোচ কুয়াদ্রাতের কথাতেই দিয়ামান্তাকোস এসেছিলেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। এদিকে কার্লেস কুয়াদ্রাত-জমানা শেষ হয়ে গিয়েছে আগেই। ইস্টবেঙ্গলে প্রাক্তন তিনি। দিমিকে হয়তো মরশুমের শুরুতেই ছেড়ে দিত ইস্টবেঙ্গল। কিন্তু সেই সময়ে চুক্তি সংক্রান্ত জটিলতার জন্য দিমিকে ছাড়া সম্ভব হয়নি।
