বনগাঁ-দমদমে সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর, অভিষেকের বড়সড় নির্দেশ

কলকাতা- ফের জোড়া সাংগঠনিক বৈঠকে জনসংযোগ-উন্নয়ন প্রচারে জোর দেওয়ার বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার সকালে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন। এরপর দ্বিতীয়ার্ধে দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলাতেও বৈঠক করেন।

বনগাঁ সাংগঠনিক জেলায় বিশাল অঙ্কের মতুয়া ভোট রয়েছে। ঠাকুরবাড়ির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বরাবরই ভাল হলেও, উন্নয়ন সত্ত্বেও কেন বিজেপির ভোট বেড়েছে তা নিয়ে খোলাখুলি আলোচনা হয়। অভিষেকের স্পষ্ট নির্দেশ—যে এলাকায় বিজেপির ভোট বেড়েছে সেখানে তৃণমূল নেতৃত্বকে আরও বেশি করে নজর দিতে হবে।

রাজ্য সভাপতি সুব্রত বক্সির সঙ্গে অভিষেক জানান, নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে হাতে হাত মিলিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। বেশি করে মানুষের সঙ্গে মিশে তাঁদের অভাব-অভিযোগ শুনতে হবে এবং সমাধানের চেষ্টা করতে হবে।এদিন বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা চেয়ারম্যান মমতা ঠাকুর, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, মহিলা সভানেত্রী ইলা বাগচী, যুব তৃণমূল সভাপতি সব্যসাচী ভট্ট, বিধায়ক বীণা মণ্ডল ও মধুপর্ণা ঠাকুর-সহ অনেকে।

অভিষেক এদিন নির্দেশ দেন, সরকারি প্রকল্পের সুবিধা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে হবে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ক্যাম্পে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *