কলকাতা – কিছুদিন আগেই দেশে জিএসটি কাটছাঁটের কথা ঘোষণা করেছিল জিএসটি কাউন্সিল। কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন দেশে দুই স্ল্যাবের জিএসটির কথা।
ফলত একাধিক জিনিসের দাম কমার ইঙ্গিত দেন। সেই অনুযায়ী এবার হিন্দুস্তান ইউনিলিভার তাদের পণ্যগুলির দাম কমার ঘোষণা করে দিল। উৎসবের মরশুমে পুজোর আগেই এই দাম কমতে চলেছে।
আগামী ২২ সেপ্টেম্বর থেকে লাগু হচ্ছে নতুন জিএসটি রেট। সেই অনুযায়ী, মহালয়ার পরদিন ২২ সেপ্টেম্বর থেকে নতুন হারে দাম ধার্য হবে হিন্দুস্তান ইউনিলিভারের পণ্যের। নতুন এই জিএসটির হার অনুযায়ী, পণ্যগুলির নতুন দামের তালিকা প্রকাশ করেছে সংস্থা।
সংস্থা জানাচ্ছে, ৩৪০ মিলিলিটার ডাভ শ্যাম্পুর দাম পাইকারি বাজারে ৪৩৫ টাকায় পাওয়া যাবে, আগে তা ৪৯০ টাকা ছিল।
হিন্দুস্তান ইউনিলাভারের ঘোষণা অনুযায়ী, ৭৫ গ্রামের লাইফবয় সাবান ৬৮ টাকা থেকে কমে গিয়ে ৬০ টাকা হবে। ২০০ গ্রাম হরলিক্সের দাম ১৩০ টাকা থেকে কমে ১১০ টাকা হবে, ২০০ গ্রাম কিসান জ্যামের দাম ৯০ টাকা থেকে কমে ৮০ টাকা হবে।
প্রসাধনীতে ল্যাকমে ৯-৫ পি কমপ্যাক্টের ৯ গ্রামের দাম ৬৭৫ থেকে কমে ৫৯৯ টাকা হবে, সানসিল্ক ব্ল্যাকশাইন শ্যাম্পু ৩৫০ মিলিলিটারের বোতল হবে ৪৩০ টাকা থেকে কমে ৩৭০ টাকা।
কিসান কেচআপ (সস) ৮৫০ গ্রামের দাম ১০০ টাকা থেকে কমে ৯৩ টাকা হবে। হরলিক্স ওমেনস প্লাস (৪০০ গ্রাম) ৩২০ টাকা থেকে কমে ২৮৪ টাকা হবে।
নর টমাটো স্যুপ ৬৭ গ্রামের দাম ৬৫ থেকে কমে ৫৫ টাকা হবে। ২০০ গ্রাম বুস্টের দাম ২০০ টাকা থেকে কমে ১২৪ টাকা হবে। ৭৫ গ্রাম ব্রু কফির দাম ৩০০ টাকা থেকে কমে ২৭০ টাকা হবে। ক্লিনিক প্লাস স্ট্রং অ্যান্ড লং শ্যম্পু ৩৫৫ মিলিলিটারের দাম ৩৯৩ টাকা থেকে কমে ৩৪০ টাকা হবে।
ডাভ সেরাম বার ৭৫ গ্রামের দাম ৪৫ থেকে কমে ৪০ টাকা হবে, ক্লোজ আপ টুথ পেস্ট ১৫০ গ্রামের দাম ১৪৫ থেকে কমে ১২৯ টাকা হবে।
হিন্দুস্তান ইউনিলিভারের তরফে জানানো হয়েছে, তাদের ফ্রেশ স্টক-এ এই নতুন দামের ‘এমআরপি’ আসছে। নিয়ম অনুযায়ী, কোম্পানিগুলিকে সংশোধন সম্পর্কে এক বা একাধিক সংবাদপত্রে কমপক্ষে দুটি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং ডিলারদের পাশাপাশি রাজ্য ও কেন্দ্রীয় কর্মকর্তাদের অবহিত করতে হবে।
