কলকাতা – আবার সেই চিনা মাঞ্জায় ভয়ঙ্কর দুর্ঘটনা। বিশ্বকর্মা পুজোর দিন প্রাণ গেল এক ব্যক্তির।
মৃত গৌতম ঘোষ প্রাক্তন সেনা জওয়ান বলে জানা গিয়েছে। বুধবার বাইকে করে বিমানবন্দরে চাকরিতে যাবার পথে খড়দহে ঘুড়ির সুতোয় গলা জড়িয়ে গেলে গলা কেটে মৃত্যু হয় তাঁর।
ব্যারাকপুর এলাকার বাসিন্দা গৌতম বাড়ি থেকে বাইকে করে যখন যাচ্ছিলেন, ঠিক তখন খড়দহের কাছে কল্যানী এক্সপ্রেসওয়ের উপর এই দুর্ঘটনাটি ঘটে।
এর পর গুরুতর আহত প্রাক্তন ওই সেনা জওয়ানকে খড়দহের বন্দিপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু ঘটে বলে জানা যায়। হাসপাতাল সূত্রের খবর, গলা কেটে যাওয়ায় জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং এর জেরেই ওই প্রাক্তন সেনা জওয়ানের মৃত্যু ঘটেছে।
