বাংলার বাজারে এসে গেল পদ্মার ইলিশ! হাওড়ার বাজারে কত টাকা করে কেজি বিক্রি হল জানেন?

কলকাতা- বাজারে এখন পদ্মার ইলিশ। বুধবার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থল বন্দরে। সেখান থেকে ওইদিন রাতেই হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারে নিয়ে আসা হয় মাছ।

বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার বাজারে খুচরো মাছ ব্যবসায়ীরা সেই মাছ সংগ্রহ করার জন্য নিলামে অংশ নেন। দিনকয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপহার হিসাবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। সেই উপহারের অঙ্গ হিসেবে এদিন প্রথম গাড়িগুলিতে ৫০ মেট্রিক টন ইলিশ হাওড়ার মাছ বাজারে আসে। খুশি মাছ ব্যবসায়ীরা।

৮০০ গ্রাম থেকে ১ কিলো সাইজের ইলিশ মাছ এসেছে বলে খবর। এই মাছ বাজারে নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে তা বিক্রি হবে। হাওড়া পাইকারি মাছ বাজারে এদিন পদ্মার ইলিশ বিক্রি হয়েছে ১,৫০০-১,৭০০ টাকা কেজি হিসাবে। 

বুধবার গভীর রাতে ইলিশ এসে পৌঁছয় হাওড়ায়। ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে ধাপে ধাপে ইলিশ আমদানির পরিমাণ বাড়বে। সব মিলিয়ে ১২০০ মেট্রিক টন পদ্মার ইলিশ ভারতে আসার কথা।

গত বছর পুজোর মরসুমে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক ২,৪২০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমতি দিলেও পাঠানো হয়েছিল মাত্র ৫৭৭ টন। এবছর আরও কমিয়ে ১,২০০ টন রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। প্রতি কেজি ইলিশ ন্যূনতম সাড়ে ১২ ডলারে (ভারতীয় মুদ্রায় ১০৫৭ টাকা) রপ্তানি করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *