সিএবি সভাপতি পদে ফিরলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ইডেন নিয়ে মহারাজের বড়সড় ঘোষণা

কলকাতা- ৬ বছর পর ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি হিসেবে ফিরলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতায় সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় সৌরভ গঙ্গোপাধ্যায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন পুরো প্যানেলই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। এতে রয়েছেন বাবলু কোলে (সচিব), মদনমোহন ঘোষ (যুগ্ম সম্পাদক), সঞ্জয় দাস (কোষাধ্যক্ষ) এবং অনু দত্ত (সহ-সভাপতি)।

সভাপতি হয়েই ইডেন এবং বাংলার ক্রিকেটের উন্নতির জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন সৌরভ। কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের ধারণক্ষমতা এক লাখের কাছাকাছি নিয়ে যাওয়ার পাশাপাশি আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি আয়োজনের বিষয়টি সৌরভ নিজের অগ্রাধিকারের তালিকায় রেখেছেন।

১৪ নভেম্বর ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেনে খেলতে নামবে। সেই ম্যাচ মসৃণভাবে পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক দিবা-রাত্রির টেস্ট ম্যাচের পর ইডেন গার্ডেন্সে এটিই হবে প্রথম টেস্ট।

এর আগে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিএবি সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন সৌরভ। এরপর ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত বিসিসিআই সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে সিএবি প্রেসিডেন্ট ছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছয় বছর সিএবির পদাধিকারী থাকার পর আপাতত তিনি ‘কুলিং অফ পিরিয়ডে’ যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *