কলকাতা- বঙ্গোপসাগরে আরও সুস্পষ্ট হয়েছে নিম্নচাপ। আজ পঞ্চমীতেই তা স্থলভাগে প্রবেশ করার কথা। ফলত, দুর্গাপুজোর আনন্দে জল ঢেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। মন্দ খবর এখানেই শেষ নয়! দক্ষিণবঙ্গে আপাতত দশমী পর্যন্ত রয়েছে বৃষ্টির সতর্কতা।
২ অক্টোবর দশমী পর্যন্ত প্রতিটি দিনেই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার শক্তিশালী হয়ে নিম্নচাপটি ওডিশা ও অন্ধ্রপ্রদেশ সীমানা দিয়ে ভূখণ্ডে প্রবেশ করবে। এখানেই শেষ নয়। অষ্টমীতে আরও একটি নিম্নচাপের পূর্বাভাস রয়েছে।
আজ শনিবার পঞ্চমীর দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়া বইতে পারে। রবিবার ষষ্ঠীতে বৃষ্টির সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। সঙ্গে বজ্রবিদ্যুৎতের কথাও উল্লেখ রয়েছে আবহাওয়া দফতরের বুলেটিনে। এরপর রবিবার, সপ্তমীতে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অষ্টমী থেকে দশমীতেও বৃষ্টি দক্ষিণবঙ্গে- মঙ্গলবার পড়ছে অষ্টমী। সেদিন বৃষ্টির পূর্বাভাস নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং দুই ২৪ পরগনায়। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। বুধবার নবমীতে উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতি জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর বৃহস্পতিবার দশমীতে কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
