কলকাতা – দশমীতে দুর্যোগ কি আরও বাড়বে! বৃহস্পতিবার সকালের বৃষ্টি দেখে সেই প্রশ্নই উঠেছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে এদিনই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। ফলে নাছোড় বৃষ্টি পিছু ছাড়ার বদলে আরও বেগ বাড়াবে বলেই খবর।
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজ, বৃহস্পতি ও আগামী কাল, শুক্রবার। কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা।
বাংলা, ওড়িশার মৎস্যজীবীদের আগামী কাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়বৃষ্টির প্রভাব বাড়তে পারে বলে খবর। হাওয়া অফিস জানাচ্ছে, শুক্রবার সকালে অতি গভীর নিম্নচাপটি ওড়িশার গোপালপুর থেকে পারাদ্বীপের মধ্যে দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
পুরীর কাছাকাছি স্থলভাগ দিয়ে প্রবেশ করার সম্ভাবনা বেশি বলে অনুমান করা হচ্ছে। এদিন দিনভর শহর কলকাতায় মেঘলা আকাশ থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আজ দশমীতে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই তিন জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। কলকাতা ও হাওড়াতে ভারী বৃষ্টির কমলা সতর্কতা আছে।
উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া জেলাতেও ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে। উপকূল এলাকায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী কাল, শুক্রবার একাদশীতে ভারী বৃষ্টিতে ভাসতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের একাধিক জেলা। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
