কলকাতা- ১৫ দিনের মধ্যে মিরিকের দুধিয়ায় সেতু তৈরি করে দেওয়া হবে। পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
লণ্ডভণ্ড গোটা উত্তরবঙ্গ। দার্জিলিং ও ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় ধস ও বন্যা পরিস্থিতির জেরে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে মঙ্গলবার মিরিক পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী।
দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে মিরিকের দুধিয়ায় গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ে। যার জেরে মিরিকের সঙ্গে সমতলের সরাসরি সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই আবহে মঙ্গলবার দুধিয়ায় গিয়ে দুর্গত পরিবারগুলির সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রশাসনিক আধিকারিকেরাও। সেখানে দাঁড়িয়েই দুর্গতদের উদ্দেশে মুখ্যমন্ত্রী জানান, মিরিকের দুধিয়ায় ১৫ দিনের মধ্যে তৈরি করে দেওয়া হবে একটি অস্থায়ী সেতু, যাতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত পুনরুদ্ধার হয়।
পাশাপাশি স্থায়ী সেতু তৈরির কাজও চলবে, যা সময় নেবে প্রায় এক বছর।ভাল মানের একটি সেতু তৈরি করা হচ্ছে। এজন্য রাজ্যের ব্যয় হবে প্রায় ৫৪ কোটি টাকা। প্রথমে প্রশাসনিক আধিকারিকেরা জানিয়েছিলেন, অস্থায়ী সেতু তৈরি করতে সময় লাগবে এক মাস। কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সেই সময়সীমা কমিয়ে আনা হয়েছে।
গত শনিবার রাতভর টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জেলায় ধস নামে, নদী উপচে জল ঢোকে জনবসতিতে। বৃষ্টির জেরে দার্জিলিংয়ের বিভিন্ন এলাকায় ধস নামে। জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতি তৈরি হয় ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চলেও।
রবিবার সকাল থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে নজর রাখছিলেন। ভার্চুয়াল বৈঠকে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। এরপর তড়িঘড়ি সোমবার দুপুরে উত্তরবঙ্গে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। প্রথমে হাসিমারা, পরে নাগরাকাটায় দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি।
