কলকাতা – এ বার লড়াই হবে ডিজিটাল প্ল্যাটফর্মেও। বিধানসভা ভোটের আবহে বড় ঘোষণা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ ক্যাম্পেনের ডাক দিলেন তিনি। লক্ষ্য— ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলার তরুণ কণ্ঠস্বরকে আরও জোরদার করা এবং বাংলা বিরোধীদের বিরুদ্ধে সওয়াল করা এবং যুক্তি, তথ্য, পরিসংখ্যান দিয়ে বাংলার অস্মিতা রক্ষা করা। সেই উদ্যোগেরই সূচনা করলেন তিনি।
অভিষেক বলেন, ‘বাংলা বিরোধী’, ‘বহিরাগত’, ‘জমিদার’-রা বাংলাকে অপমান করছে। বাংলার ভাবমূর্তি নষ্ট করতে বাংলাকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে। যাঁরা বাংলায় থাকেন না, বাংলা ভাষায় কথা বলতে পারেন না, বাংলা পড়তে পারেন না, অথচ বাংলা নিয়ে মিথ্যা কথা রটাচ্ছেন, সেই সব বাংলা বিরোধীদের বিরুদ্ধেই লড়াইয়ে ঝাঁপাবেন এই ডিজিটাল যোদ্ধারা।
এখন যেহেতু ডিজিটাল জমানা, ফলে সোশ্যাল প্ল্যাটফর্মে আরও বেশি করে সক্রিয় থাকার চেষ্টা চালাচ্ছে শাসকদলও।
এই ক্যাম্পেনের জন্য ইতিমধ্যেই একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে, abdigitaljoddha.com। বাংলার ডিজিটাল যোদ্ধা হতে চাইলে, এই লিঙ্কে গিয়ে নিজের নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, জেলার নাম, বিধানসভার নাম দিয়ে বাংলার ডিজিটাল যোদ্ধা হিসেবে নথিভুক্ত করতে পারবেন।
