কলকাতা- সিনেমার নায়ক। আবার তিনিই পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক। সেই নায়ক-বিধায়ক হুঁশিয়ারি দিলেন বিজেপিকে।
এক সেকেন্ডের জন্য তৃণমূল ‘গণতন্ত্র’-র কথা ভুলে গেলে কী হবে, সেকথা ‘স্মরণ’ করিয়ে দিলেন গেরুয়া শিবিরকে। পূর্ব বর্ধমানে তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে নায়ক সোহমের হুঁশিয়ারি, এক সেকেন্ডের জন্য তৃণমূল গণতন্ত্রের চিন্তা থেকে সরে এলে বাংলায় একটা পতাকাও লাগাতে পারবে না বিজেপি।
ওদিকে আবার নায়ক-বিধায়কের এই হুঁশিয়ারিকে পাত্তা দিতে রাজি নয় গেরুয়া শিবির। রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি সোহম চক্রবর্তী এদিন বিজেপিকে আক্রমণ করে বলেন, “বাংলার প্রাপ্য প্রায় ১ লক্ষ ৯০ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। কারণ, তাদের লক্ষ্য, বাংলাকে কীভাবে ধুয়ে মুছে সাফ করে দেওয়া যায়। যতবার তারা বাংলাকে সাফ করে দেওয়ার চেষ্টা করেছে, ততবার আপনারা তাদের গণতান্ত্রিক পদ্ধতিতে সাফ করে দিয়েছেন।”
বিজেপির পূর্ব বর্ধমানের মুখপাত্র চিকিৎসক সৌম্যরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, “যে দলের অভ্যন্তরে গণতন্ত্র বলে কিছু নেই, তাদের কাছে গণতন্ত্রের শিক্ষা নেওয়ারও কিছু নেই। উনি হরলিক্স খাওয়া ব্যক্তি। ওঁকে কেউ সিরিয়াসলি নেয় না। ভোটের টিকিট নিশ্চিত করতে এমন কথা বলছেন।”
