শক্তি বাড়াচ্ছে সাইক্লোন ‘মন্থা’! ১২ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে স্থলভাগে, বাংলায় জেলায় জেলায় ভারী বৃষ্টি

কলকাতা- বঙ্গোপসাগরে রবিবার রাতেই তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। ফলে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের মতো জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে।

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, দুই দিনাজপুর এবং মালদায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড় ‘মান্থা’ আপাতত চেন্নাই থেকে ৬৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্ব, কাকিনাড়া থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, পোর্ট ব্লেয়ার থেকে ৭৪০ কিলোমিটার পশ্চিম, বিশাখাপত্তনম থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্ব এবং গোপালপুর থেকে ৮৬০ কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টায় ঘূর্ণিঝড়ের শক্তি বাড়বে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলতে পারে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়। সেই সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *