কলকাতা- সুপ্রিম কোর্টের রায়ের পর ফের কেন্দ্রের বিরুদ্ধে সরব তৃণমূল। বাংলার ১০০ দিনের কাজের বকেয়া অর্থ মেটাতে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশ যদি কেন্দ্র না মানে, তবে ফের দিল্লি গিয়ে প্রতিবাদে নামবে তৃণমূল।
১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের নির্দেশ বহাল রাখে। নির্দেশে বলা হয়েছিল, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি প্রকল্পের আওতায় বাংলার বকেয়া অর্থ কেন্দ্রকে পরিশোধ করতেই হবে। ফলে তিন বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা টাকার মুক্তি এখন কার্যত সময়ের অপেক্ষা।
এই রায়কে রাজ্যের বড় জয় বলে দাবি করেছে তৃণমূল। রায়ের পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, বহিরাগত বাংলা-বিরোধী জমিদারদের আরও একটি শোচনীয় পরাজয়। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে কেন্দ্র যে আবেদন করেছিল, তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটি বাংলার মানুষের ঐতিহাসিক জয়। তিনি আরও লেখেন, দিল্লির ঔদ্ধত্য ও অবিচারের কাছে মাথা নত করবে না বাংলা।
এরপর রাতেই ফের এক সতর্কবার্তা দেন তৃণমূল নেতা। তাঁর হুঁশিয়ারি, সুপ্রিম কোর্টের রায়ের পরও যদি কেন্দ্র বকেয়া টাকা না দেয়, তবে বাংলা ফের জেগে উঠবে। আবার দিল্লি গিয়ে আন্দোলন করবে তৃণমূল।
২০২৩ সালের অক্টোবর মাসে অভিষেকের নেতৃত্বেই তৃণমূল দিল্লিতে ধর্নায় বসেছিল ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে। রাজপথে হয়েছিল সেই প্রতিবাদ কর্মসূচি। পরদিন প্রতিনিধি দল নিয়ে কৃষি ভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের তরফে সেসময়ও কোনও ইতিবাচক পদক্ষেপ মেলেনি। তৃণমূলের অভিযোগ, মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অধীনে বাংলার শ্রমিকরা প্রায় তিন বছর ধরে মজুরি পাচ্ছেন না। রাজ্যবাসী বারবার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ তৃণমূলের।
