‘বিজেপি নেতাদের বেঁধে রাখবেন, বলবেন বাবার সার্টিফিকেট আন’, SIR নিয়ে তোপ অভিষেকের

কলকাতা- বিজেপি নেতাদের গাছে এবং পোস্টে বেঁধে রাখার নিদান দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি বুধবার পানিহাটিতে প্রদীপ করের পরিজনদের সঙ্গে দেখা করেন।

জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) এবং ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর) নিয়ে আতঙ্কের জেরে ৫৭ বছরের ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। সেই রেশ ধরে আজ এসআইআর নিয়ে সুর চড়ান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বঙ্গবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন যে কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তৃণমূলের তরফে সবরকমের সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন অভিষেক। সেই রেশ ধরে বিজেপি নেতাদের গাছে এবং পোস্টে বেঁধে রাখার নিদান দেন।

তিনি বলেন, ‘স্থানীয় বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন, ঘিরে ধরবেন তাঁদের। বলবেন, বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়। তারপর প্রচার করতে আসবি। বাবা-ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়। তারপর প্রচার করতে আসবি। বেঁধে রাখবেন। বেঁধে রাখবেন গাছে। পোস্টে বেঁধে রাখবেন। (গায়ে) হাত তুলবেন না। আমরা শান্তিতে বিশ্বাস করি।’

সেইসঙ্গে অভিষেক বলেন, ‘(বিজেপি নেতাদের) বলবেন, আগে সার্টিফিকেট নিয়ে আয়। তারপর তোর দড়ি খুলব। (বলবেন) যা, তোর বাবার বার্থ সার্টিফিকেট, তোর দাদুর বার্থ সার্টিফিকেট, তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট, তোর দিদিমার বার্থ সার্টিফিকেট (নিয়ে আয়)। তোর অমিত শাহ আর মোদী সরকার আমাদের থেকে যে সার্টিফিকেট চেয়েছে, আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা।’

সেই রেশ ধরে অভিষেক স্লোগান তোলেন, ‘সারা বাংলা জুড়ে একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর!’ সেইসঙ্গে তিনি দাবি করেছেন, এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সাধারণ মানুষকে সহায়তা করার জন্য প্রতিটি জায়গায় তৃণমূলের নেতা-কর্মীরা থাকবেন। তাঁরা সবরকমের সহায়তা করবেন মানুষকে। মমতার আমলে বৈধ ভোটারদের নাম বাদ যাবে না বলে আশ্বাস দিয়েছেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *