কলকাতা- আইসিসির থেকে ৪০ কোটি টাকার পুরষ্কার পেতে চলেছে ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ জয়ের পুরস্কার।
বিসিসিআই আলাদা ভাবে হরমনপ্রীতের দলের জন্য বিশাল আর্থিক পুরষ্কারের ঘোষণা করেছে। রিপোর্ট অনুযায়ী, বিসিসিআই ৫১ কোটি টাকার আর্থিক পুরষ্কার ঘোষণা করেছে দলের জন্য।
বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এই নগদ পুরষ্কারের ঘোষণা করেছেন। এক সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘১৯৮৩ সালে কপিল দেব ভারতের হয়ে বিশ্বকাপ জিতে ক্রিকেটে একটি নতুন যুগ শুরু করেছিলেন। আজ মহিলারাও একই উৎসাহ দিয়েছে ভারতকে। পরবর্তী প্রজন্মের মহিলা ক্রিকেটারদের জন্য পথ প্রশস্ত করেছেন।’
দেবজিৎ সাইকিয়া বলেন, ‘জয় শাহ বিসিসিআইয়ের দায়িত্ব নেওয়ার পর থেকে (২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত বিসিসিআইয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন) তিনি মহিলা ক্রিকেটে অনেক পরিবর্তন এনেছেন। বেতনের সমতাও শুরু হয়েছিল। গত মাসে আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহিলাদের জন্য পুরস্কারের অর্থ ৩০০ শতাংশ বাড়িয়েছেন। আগে পুরষ্কারের অর্থ ছিল ২.৮৮ মিলিয়ন ডলার, এবং এখন সেটা ১৪ মিলিয়ন ডলার করা হয়েছে।
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আইসিসি থেকে প্রায় ৪০ কোটি টাকা পুরষ্কার পাচ্ছেন রিচা, স্মৃতিরা। অন্যদিকে ফাইনাল হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকান দলও কয়েক কোটি টাকার পুরষ্কার পেল।
