কলকাতা- ভারতের মহিলা দল ৫ নভেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল রবিবার নভি মুম্বইয়ে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বকাপ জিতে ইতিহাস লেখে।
তৃতীয়বার ফাইনালে পৌঁছে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউ জ়িল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে ট্রফি জিতল।
সোমবার প্রধানমন্ত্রী দপ্তর থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়েছে। বর্তমানে মুম্বইয়ে থাকা খেলোয়াড়রা মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির উদ্দেশে রওনা দেবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তাঁরা যে যাঁর বাড়ি ফিরে যাবেন।
সোমবার বিহারের সাহারসায় এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী ভারতীয় মহিলা দলের সাফল্যকে অভিনন্দন জানিয়ে বলেন, ভারতের মেয়েরা ইতিহাস সৃষ্টি করেছেন, দেশের প্রথম মহিলা বিশ্বকাপ এনে দিয়েছেন, যা তাঁদের আত্মবিশ্বাস ও শক্তির প্রতিফলন।
তিনি বলেন, ‘গতকাল (রবিবার) মুম্বইয়ে ভারতের মেয়েরা ইতিহাস গড়েছেন। প্রথম বার মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ভারত। ২৫ বছর পর বিশ্ব পেয়েছে নতুন চ্যাম্পিয়ন, আর ভারতের মেয়েরা এই গর্ব উপহার দিয়েছেন গোটা জাতিকে। এই জয় শুধু খেলার মাঠে সীমাবদ্ধ নয়, এটি ভারতের মেয়েদের নতুন আত্মবিশ্বাসের প্রতীক।’
তিনি আরও বলেন, ‘এঁরা ছোট শহর ও গ্রামের মেয়ে, এঁরা আমাদের কৃষক, শ্রমিক ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি ওঁদের নিয়ে গর্বিত, গোটা দেশ গর্বিত। আমি এই চ্যাম্পিয়ন মেয়েদের অভিভাবকদেরও আন্তরিক অভিনন্দন জানাই।’
